মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ । বগুড়ার কাহালুতে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে আ’লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণা কার্যালয় পুড়ে দেওয়ার অভিযোগ

কাহালুর মুরইল ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যালয় পুড়ে দিয়েছে প্রতিপক্ষরা। এর প্রতিবাদে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হারেজ উদ্দিন ও তাঁর কর্মী-সমর্থকরা গতকাল রোববার সকালে বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে। এ সময় তারা সকল ধরনের যানবাহন বন্ধে করে দিয়ে অগ্নি-সংযোগ কারীদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন স্লোগান দেন। সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদেরকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হারেজ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘তাঁর প্রতিপক্ষ দলের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মুকিবুল ইসলাম বুলুর কর্মী-সমর্থকরা গত রোববার ভোর রাতে মুরইলের বিষ্ণপুর গ্রামের নির্বাচনী অফিস পুড়ে দিয়েছে। বিদ্রোহী প্রার্থী নিজে এবং তাঁর কর্মীরা বিভিন্ন সময়ে আমার কর্মীদের ভয়-ভীতি দেখায়। তিনি দোষীদের গ্রেফতারের দাবী জানান। আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মুকিবুল ইসলাম বুলু তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আ’লীগের প্রার্থীর কোনো জনসমর্থন নেই। তিনি টাকা দিয়ে কর্মী-সমর্থকদের কিনে নিয়েছেন। ভোটে নিশ্চিত হেরে যাবেন ভেবে নিজেই তাঁর অফিস পুড়ে দিয়ে নাটক করছেন। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মুরইল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম আবুল বাসার এর সাথে কথা বলা হলে তিনি জানান, নির্বাচনী প্রচারনা অফিসে অগ্নি-সংযোগ ব্যাপারে কেউ আমাকে অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রির্পোট লেখা পর্যন্ত মুরইল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার ও কাহালু থানায় কোন লিখিত অভিযোগ হয়নি।

0 comments: